দলীয় নেতাকর্মীদের প্রতি যে আহবান জানালো সিলেট জেলা আ.লীগ
10 March 2016, 13:35
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এক বিবৃতিতে বলেন, দল থেকে মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গসংগঠন তথা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
তারা বলেন, সকল দ্বিধা-দ্বন্দ ভুলে গিয়ে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়তে হবে। দল মনোনীত প্রার্থীর পক্ষে সর্বত্র প্রচার-প্রচারণায় অংশ নিতে হবে।
নেতৃবৃন্দ আরো উলেখ করেন- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রের সিদ্ধান্তনুযায়ী দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হলে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হবেন। বিদ্রোহী প্রার্থীদের দলীয় শাস্তি ভোগ করতে হবে।
একইসাথে এইসব বিদ্রোহী প্রার্থীদের পক্ষে যারা মদদ দেবে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।




