শাস্তি থেকে বেঁচে গেলেন সাকিব
03 March 2016, 17:04
ঘটনাটা ঘটিয়েই আম্পায়ারের কাছে ক্ষমা চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু ততক্ষণে যা করার তাতো করেই ফেলেছেন! পাকিস্তানের বিপক্ষে বুধবার ফাইনালে ওঠার ম্যাচে বাংলাদেশের এই অল রাউন্ডার আউট হওয়ার পর ধৈর্য হারিয়েছিলেন। হতাশায় ব্যাট দিয়ে আঘাত করেছিলেন স্টাম্পে। আইসিসির আচরণবিধি ভঙ্গ করেছেন। তবে এই অপরাধের জন্য শাস্তি পাননি সাকিব। তাকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।
এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা ছিল তুমুল উত্তেজনার। শেষ পর্যন্ত ৫ বল হাতে রেখে ৫ উইকেটে জিতে ফাইনালে গেছে বাংলাদেশ। বাদ পড়েছে পাকিস্তান। এই ম্যাচের ১৮তম ওভারের দ্বিতীয় বলে মোহাম্মদ আমির বোল্ড করে দেন সাকিবকে। তখনো জিততে ১৬ বলে ২৬ রান দরকার টাইগারদের। এমন সময় আউট হয়ে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি সাকিব। ৮ রান করা ব্যাটসম্যান ক্ষোভ ঝেড়েছিলেন স্টাম্পের ওপর।
আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১.৮ ধারায় দোষী হয়েছেন সাকিব। এই ধারায় খেলার সময় ক্রিকেট সরঞ্জামের অপব্যবহারের কথা বলা আছে। বৃহস্পতিবার সকালে সাকিব আইসিসি ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। তাই আর আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি। লেভেল ওয়ান এই অপরাধের সর্বনিম্ন শাস্তি সতর্ক করে দেওয়া। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। জরিমানা হয়নি সাকিবের। সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়েছে তাকে।




