আইপিএলে দল পেয়ে খুশি মুস্তাফিজ
06 February 2016, 23:54
06/02/16: পাকিস্তান সুপার লীগে (পিএসএল) দল পেলেও ইনজুরির কারণে খেলতে যেতে পারেননি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। এবার তিনি দল পেলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল)।
শনিবার আইপিলের আসন্ন নবম আসরের নিলামে ১.৪ কোটি রুপি দিয়ে মুস্তাফিজকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলে দল পেয়ে খুশি মুস্তাফিজ।
দল পাওয়ার খবর শুনে মুস্তাফিজ বলেছেন, ভাল লাগছে। এটি নিয়ে যেহেতু আগে থেকেই অনেকে বলাবলি করছিল সেহেতু আমারও আশা ছিল।
তিনি আর বলেছেন, সাকিব আল হাসান ও আমাদের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আইপিএলে খেলেছেন। তারা সেখানে ভাল পারফর্ম করেছেন। আমি খুবই রোমাঞ্চিত যে আমি এখন সেখানে খেলতে পারব।
বাংলাদেশ থেকে এর আগে মাশরাফি বিন মুর্তজা ও মোহাম্মদ আশরাফুল আইপিএলে খেলেছেন। তামিম ইকবাল দল পেলেও ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। আর গত কয়েক বছর ধরে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে খেলছেন সাকিব আল হাসান। এবারও এই দলের হয়ে খেলবেন তিনি। –




