নৌবাহিনীর নতুন প্রধান নিজামউদ্দিন আহমেদ
21 January 2016, 21:59
চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসা রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদকে বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে বেছে নিয়েছে সরকার।
ভাইস অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি পেয়ে আগামী ২৭ জানুয়ারি থেকে নতুন দায়িত্বে যোগ দেবেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০১৯ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত নৌবাহিনীর নেতৃত্ব দেবেন নিজামউদ্দিন আহমেদ। এই দায়িত্বে তিনি অ্যাডমিরাল এম ফরিদ হাবিবের স্থলাভিষিক্ত হবেন।
মাদারীপুরের সন্তান নিজামউদ্দিন আহমেদের জন্ম ১৯৬০ সালে। ১৯৮১ সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন পাওয়ার পর তিনি ফ্রান্সের কলেজ ইন্টারেমি ডি ডিফেন্স কলেজ থেকে পিএসসি ডিগ্রি পান।
সরকার ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি নৌবাহিনীর এই কর্মকর্তাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব দেয়। পটুয়াখালীতে পায়রা সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ নেওয়ার পর ২০১৩ সালে তাকেই চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।




