সিলেট জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন লুৎফুর রহমান
26 November 2016, 07:43
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট লুৎফুর রহমান।
শুক্রবার রাতে কেন্দ্র থেকে তাঁর মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করা হয়। জেলা যুবলীগ সভাপতি শামীম আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী ২৮শে ডিসেম্বর সারাদেশের ৬১টি জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা পরিষদ নির্বাচন। সদ্য ঘোষিত তফসিল অনুযায়ী দলীয় ভাবে হতে যাওয়া এই নির্বাচনে সরকার দল আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী ছিলেন সিলেটের হাফডজন নেতা।
তারা হচ্ছেন- সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, নাসির উদ্দিন খান, উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী এবং সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল আনাম চৌধুরী মিন্টু।
তারা প্রত্যেকেই দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের জীবন বৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। তবে সবাইকে পেছনে ফেলে প্রার্থীতায় টিকে থাকলেন লুৎফুর রহমান।
এদিকে, লুৎফুর রহমান দলীয় প্রার্থী মনোনিত হওয়ার সংবাদ পেয়ে জেলা পরিষদে তাকে অভিনন্দন জানাতে ভীড় করছেন দলীয় নেতাকর্মীরা।




