প্রচ্ছদ

রিজার্ভ জালিয়াতির পর সুইফট ও ডিলিং রুমে ১২ ধরনের ভুল

০৪ এপ্রিল ২০১৬, ০৮:১৮

ফেঞ্চুগঞ্জ সমাচার

FB_IMG_1459736234936বাংলাদেশ ব্যাংকের স্পর্শকাতর রুমে বসেই কর্মকর্তারা কম্পিউটারে বসে গেম খেলতেন। ফেসবুক চালাতেন। শুনতেন গান। রিজার্ভ জালিয়াতির ঘটনার পর সুইফট ও ডিলিং রুমে বসে অন্তত ১২ ধরনের ভুল কাজ করেছেন কর্মকর্তারা। এগুলোর যে কোন একটির জন্য রিজার্ভ চুরি হতে পারে। আর এ সুযোগটিই কাজে লাগিয়েছে আন্তর্জাতিক সিন্ডিকেট। আর এসব ভুল ইচ্ছাকৃত করেছেন নাকি কোন উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছেন তা পর্যালোচনা করছেন গোয়েন্দারা। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, ফিলিপিন্সের সন্দেহভাজন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের পর জানা যাবে ওই সিন্ডিকেটের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কারও সংশ্লিষ্টতা আছে কি-না। এদিকে, আজ সোমবার সিআইডির তিন সদস্যবিশিষ্ট তদন্ত দল ফিলিপিন্সের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে। এর আগে গত শনিবার বাংলাদেশ ব্যাংকের দুই কর্মকর্তা ফিলিপিন্সে পৌঁছেছেন। আগামীকাল মঙ্গলবার দেশটির ব্লু-রিবন সিনেট কমিটির চতুর্থ শুনানিতে তাদের অংশ নেয়ার কথা রয়েছে। রিজার্ভ জালিয়াতির ঘটনা তদন্তে আজ সোমবার বাংলাদেশে আসছেন সুইফটের (সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টার ব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন) এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এডওয়ার্ড হাদ্দাদের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।
জানা গেছে, রিজার্ভ চুরির ঘটনা তদন্তের শেষপর্যায়ে পৌঁছেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা। তারা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের রিজার্ভ চুরির সহযোগিতা করতে একাধিক কারণ চিহ্নিত করেছেন। গত ১৮ দিনে দফায় দফায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ ও সরেজমিন পরিদর্শনে গুরুত্বপূর্ণ বেশকিছু বিষয় চিহ্নিত করেছেন গোয়েন্দারা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকে আন্তর্জাতিক লেনদেন নিষ্পত্তি করা হয় বার্তার মাধ্যমে। আর এ বার্তা তৈরি ও পাঠানোর জন্য দুটি স্পর্শকাতর রুম রয়েছে। একটি ডিলিং রুম, অপরটি সুইফট রুম। ডিলিং রুমে বসে কর্মকর্তারা নির্ধারিত মেশিনের মাধ্যমে বার্তা তৈরি করেন এবং সে অনুযায়ী আন্তর্জাতিক লেনদেন নিষ্পত্তি করতে নির্দেশ দেয়া হয় সুইফট রুমের কর্মকর্তাদের। আর ওই নির্দেশনার আলোকে নির্ধারিত মেশিনের মাধ্যমে বার্তা পাঠানো হয়। এ দুই রুমেই রয়েছে সুইফটের সার্ভার। নিয়ম অনুযায়ী সন্ধ্যার পর সুইফট রুমের অব্যবহৃত ল্যানের সংযোগ থেকে আরটিএসের সংযোগ খুলে রাখার কথা। কিন্তু এ সংযোগ আর খোলা হতো না। দিন-রাত ২৪ ঘণ্টাই সংযোগ থাকত। ফলে সুইফটের নির্ধারিত মেশিন ব্যবহার ছাড়াই অন্য মেশিনের মাধ্যমে সুইফটে বার্তা পাঠানো শুরু করেন কর্মকর্তারা। একই সঙ্গে এ স্পর্শকাতর রুমে বসেই কর্মকর্তারা কম্পিউটারে বসে গেম খেলতেন। ফেসবুক চালাতেন। শুনতেন গান। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সুইফট রুমের অব্যবহৃত ল্যানে ইন্টারনেট সংযোগ ছিল। আর এটি বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে সংযোগ ছিল। ফলে সুইফটের সার্ভারের সঙ্গে আরটিজিএসের সংযোগ থাকার সুযোগটি কাজে লাগায় আন্তর্জাতিক জালিয়াত চক্র। গোয়েন্দা কর্মকর্তাদের মতে, এর ফলে কেন্দ্রীয় ব্যাংকের সুইফট সার্ভারের ফায়ারওয়াল বা নিরাপত্তা বেষ্টনী দুর্বল হয়ে পড়ে। এই দুর্বলতার সুযোগ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের একটি চক্র ওই জালিয়াতির একটি ক্ষেত্রে তৈরি করে। এছাড়া ডিলিং রুম ও সুইফট সিস্টেমস পরিচালনার বিষয়ে পাসওয়ার্ড ও ইউজার নেম সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি বিকল্প হিসেবে যে কোন একটি সুরক্ষিত লকারে রাখার কথা। কিন্তু এগুলো সেখানে না রেখে রাখা হতো উর্ধতন কর্মকর্তাদের কাছে। এতে ওই উর্ধতন কর্মকর্তা সব পাসওয়ার্ড ও ইউজার নেম একত্র করে সহজেই বার্তা পাঠাতে পারেন। সিআইডির একজন উর্ধতন কমকর্তা জনকণ্ঠকে জানান, বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা ডিলিং রুম ও সুইফট রুমে বসে অন্তত ১২টি ভুল কাজ করেছেন, যার যে কোন একটির কারণে রিজার্ভ চুরি হয়েছে। আর এসব ভুল ইচ্ছাকৃত করেছেন নাকি কোন উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছেন তা এখন পর্যালোচনা করা হচ্ছে। শীঘ্ররই এ বিষয়ে আরও স্পষ্ট হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সিআইডির ৩ সদস্য বিশিষ্ট তদন্ত দল ফিলিপিন্সে যাচ্ছে আজ ॥ আজ সোমবার সিআইডির তিন সদস্যবিশিষ্ট তদন্ত দলের ফিলিপিন্সের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে। এর আগে গত শনিবার বাংলাদেশ ব্যাংকের দুই কর্মকর্তা ফিলিপিন্সে পৌঁছেছেন। আগামীকাল মঙ্গলবার দেশটির ব্লু-রিবন সিনেট কমিটির চতুর্থ শুনানিতে তাদের অংশ নেয়ার কথা রয়েছে।
আজ আসছেন সুইফটের এমডি ॥ ঘটনা তদন্তে বাংলাদেশে আসছেন সুইফটের (সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টার ব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন) উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এডওয়ার্ড হাদ্দাদের নেতৃত্বে ওই দল আজ সোমবার বাংলাদেশে আসছে। তারা কেন্দ্রীয় ব্যাংকের উর্ধতন কর্তৃপক্ষ, এ্যাকাউন্ট এ্যান্ড বাজেটিং বিভাগের ব্যাক অফিস অব ডিলিং রুমের কর্মকর্তা এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর এমডিদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
বড় সিন্ডিকেট জড়িত বলে মনে করছেন সিনেট কমিটির প্রধান ॥ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮১ মিলিয়ন ডলার অর্থ চুরির ঘটনার সঙ্গে একটি বড় সিন্ডিকেট জড়িত বলে মনে করছেন ফিলিপিন্সের সিনেট কমিটির প্রধান তেয়োফিস্তো গুইংগোনা। রবিবার দেশটির একটি রেডিওকে এ তথ্য জানান তিনি। গুইংগোনা বলেন, শক্তিশালী কোন সিন্ডিকেট ছাড়া মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ ফিলিপিন্সে চুরি করে আনা সম্ভব ছিল না।
সাতজনের বিরুদ্ধে ফৌজদারি মামলার অভিযোগ এএমএলসির ॥ দেশটিতে অর্থপাচারের ঘটনায় সাতজনের বিরুদ্ধে ফৌজদারি মামলার অভিযোগ চূড়ান্ত করেছে এএমএলসি। গণমাধ্যম বলছে, ব্লু-রিবন কমিটিতে দেয়া সাক্ষ্য ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে গঠন করা হয়েছে এই অভিযোগ। তবে অভিযুক্ত সাতজনের নাম প্রকাশ করেনি এএমএলসি।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার