মাটিতে পা রাখতে বললেন মাশরাফি!
০৩ মার্চ ২০১৬, ০৯:১৫
টানা তিনটি ম্যাচ জিতে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। এ সময় আকশেই উড়ার কথা টাইগারদের। উল্টো সতীর্থদের আরও সতর্ক করে দিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সতীর্থদের পা মাটিতে রেখে সম্পূর্ণ মনযোগ ফাইনাল ম্যাচের দিকে দিতে বললেন তিনি। হয়তো শিরোপা জিতেই আকাশে উড়তে চান বাংলাদেশ অধিনায়ক!
ভারতের বিপক্ষে ৬ মার্চ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনাল খেলবে টাইগাররা। যদিও ২০১২ সালে এশিয়া কাপ ছিলো ৫০ ওভারের। আর এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটের।
শিরোপা থেকে আর একটি ম্যাচ দূরে বাংলাদেশ। বিষয়টিকে কিভাবে দেখছেন জানতে চাইলে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘এখন কেবল ফাইনাল ম্যাচই বাকি। ফাইনালে ভালো খেলাই আমাদের একমাত্র লক্ষ্য।’
ফাইনালের আগে সতীর্থদের সাবধান করে দিয়ে মাশরাফি বলেন, ‘তিনটা ম্যাচ জেতার পর ছেলেরা অনেক আত্মবিশ্বাস অর্জন করেছে। তবে এখন সবাইকে বলবো মাটিতে পা রাখতে। সবাই যেন যার যার স্বাভাবিক খেলার দিকেই মনোযোগী হয়। সবাইকে অনুরোধ করবো অপ্রয়োজনীয় চাপ না নিতে।’
তিনি আরও যোগ করেন, ‘খেলোয়াড়রা কেউ নিশ্চিত ছিল না আমরা এশিয়া কাপের ফাইনাল খেলবো। তারা বিশ্বাস রেখেছে মনের ভেতর, এটা আমরা করে দেখাতে পারবো। তাতেই হয়েছে। চেষ্টা করবো ফাইনালে সেরাটা খেলার। সেরাটা নাও হতে পারে। যদি সেরাটা দিতে পারি অবশ্যই ভালো একটি ম্যাচ হবে।’




