লন্ডনে ‘এ ম্যান অব অ্যাকশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন সম্পন্ন
১৮ জুন ২০২৬, ১৬:২৩
ইংল্যান্ডের (বিলেতের) বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আহমেদ উস সামাদ চৌধুরী জেপির কর্মময় জীবন ও বহুমাত্রিক অবদান নিয়ে তাহমিদ উস চৌধুরী রচিত গ্রন্থ ‘এ ম্যান অব অ্যাকশন’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) লন্ডনের এন্টারপ্রাইজ হলে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক কমিউনিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বিশিষ্টজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা আহমেদ উস সামাদ চৌধুরী জেপির দীর্ঘদিনের সামাজিক, শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, কমিউনিটির উন্নয়ন ও কল্যাণে তার অবদান নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
গ্রন্থটির লেখক তাহমিদ উস চৌধুরী তার পিতার কর্মময় জীবন, সংগ্রাম, সাফল্য ও সমাজসেবামূলক কার্যক্রমকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে বইটি রচনা করেছেন। এ উদ্যোগকে উপস্থিত অতিথিরা ব্যতিক্রমী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, একজন সন্তানের নিজের পিতার জীবন ও কর্ম নিয়ে গ্রন্থ রচনা অত্যন্ত বিরল একটি উদ্যোগ। এ ধরনের কাজ শুধু পারিবারিক ইতিহাস সংরক্ষণেই নয়, সমাজের জন্যও মূল্যবান দলিল হিসেবে বিবেচিত হবে। তারা আশা প্রকাশ করেন, বইটি পাঠ করে আগামী প্রজন্ম অনুপ্রাণিত হবে এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসতে উৎসাহিত হবে।
- অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা গ্রন্থটির সফল প্রকাশে লেখককে অভিনন্দন জানান এবং বইটির ব্যাপক পাঠকপ্রিয়তা কামনা করেন।




