আবারো এক নম্বরে সাকিব!
০৬ জুন ২০১৬, ১০:৪৫
ক্রিকেট বিশ্বের ক্রিকেটারদের নিয়ে, ভিন্ন-ভিন্ন ফরম্যাটের ক্রিকেটের জন্য নিয়মিত র্যাংকিং প্রকাশ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এর মধ্যে থেকে বল, ব্যাট এবং ফিল্ডিং অর্থাৎ তিন ডিপার্টমেন্টেরই গুনাগুণ বিচার-বিশ্লেষণ করে আবার তালিকা প্রণয়ন করা হয় সেরা অলরাউন্ডারদের। আর সেই র্যাংকিং এ ক্রিকেটের তিন বিভাগেই সেরা অলরাউন্ডার ছিলেন সাকিব। এরপর বাজে ফর্মের কারনে বেশ কিছুদিন ধরে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের জায়গা হারিয়ে দ্বিতীয় অবস্থানে নেমে গিয়েছিলেন।
অলরাউন্ডারদের এই তালিকার শীর্ষস্থান ধরে রাখতে মরিয়া সাকিব আল হাসান, আবারো উঠে এসেছেন একদিনের আন্তর্জাতিক ম্যাচের জন্য করা অলরাউন্ডারদের শীর্ষস্থানে। বৃহস্পতিবার আইসিসির ওয়েবসাইটে আলাদা-আলাদা ফরম্যাটের জন্য ক্রিকেটারদের পাশাপাশি অলরাউন্ডারদের তালিকা প্রকাশ করা হয়। যেখানে হারানো জায়গা ফিরে পেতে ৪১৬ রেটিং পয়েন্ট নিয়ে সাকিবকে পিছনে ফেলতে হয়েছে মোহাম্মদ হাফিজকে।
অবৈধ বোলিং অ্যাকশনের জন্য ১২ মাসের জন্য নিষিদ্ধ হওয়া হাফিজ সাকিব আল হাসান থেকে ৫৩ রেটিং পয়েন্ট কম নিয়ে অবস্থান করছেন তালিকার দ্বিতীয়স্থানে। আর তৃতীয় ও চতুর্থস্থানে থাকা শ্রীলংকান দুই ক্রিকেটার তিলাকারত্নে দিলশান ও ম্যাথিউসের রেটিং যথাক্রমে ৩৪৯ ও ৩৩৫। তাই সাকিব যে ওয়ানডে অলরাউন্ডার তালিকার শীর্ষে ভালোভাবেই অবস্থান করছেন তা বলা যেতেই পারে।
ওয়ানডে তালিকার শীর্ষস্থানে উঠে আসার বিপরীতে টি-টোয়েন্টি ও টেস্ট ফরম্যাটে ধরে রেখেছেন দ্বিতীয়স্থান। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন থেকে ২৭ রেটিং পয়েন্ট (৩৮৪) কম নিয়ে এবং টেস্ট ক্রিকেটে ভারতীয় অলরাউন্ডার রবিচন্দন অশ্বিনের চেয়ে ২২ রেটিং পয়েন্ট কম নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে অবস্থান করছেন সাকিব আল হাসান।


