কাশিমপুর কারাগারের প্রধান ফটকের সামনে দুর্বৃত্তদের গুলিতে প্রধান কারারক্ষী নিহত
25 April 2016, 12:34
গাজীপুরের কাশিমপুর কারাগারের প্রধান ফটকের সামনে দুর্বৃত্তদের গুলিতে প্রধান কারারক্ষী নিহত হয়েছেন। তার নাম রুস্তম আলী (৫৯)। তিনি নারী কারাগারের প্রধান কারারক্ষী ছিলেন। সম্প্রতি তিনি পিআরএলে আছেন।
সোমবার বেলা ১১টায় এই ঘটনা ঘটলেও রিপোর্ট লেখা পর্যন্ত কারাগারের কেউই এই বিষয়ে বক্তব্য দেননি। তবে এই ঘটনায় একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কারাফটকের সামনে রুস্তম আলী দাঁড়িয়ে থাকার সময় দুইটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্তরা সেখানে পৌঁছায়। দুর্বৃত্তরা তার সঙ্গে কথা বলার আগেই রুস্তম আলীকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে ছোড়ে। এতে ঘটনাস্থলে রুস্তম আলীর মৃত্যু হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
খবর পেয়ে গাজীপুর কাশিমপুর কারাগারের শীর্ষ কর্মকর্তাসহ গাজীপুর পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে গেছে।




