নেপালের অধিনায়কের বিরুদ্ধে বয়স লুকানোর অভিযোগ
০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:২১
অনুর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ ক্রিকেটে দারুণ চমক উপহার দিয়েছে নেপাল। বিশ্ব ক্রিকেটের দুই পরাশক্তি নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারিয়ে জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। তাই বিশ্ব ক্রিকেটে চলছে নেপাল বন্দনা। তবে এবার নেপালের অধিনায়কের রাজু রিজালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বয়স লুকানোর। বয়সের পাশাপাশি নামও নাকি পরিবর্তন করেছেন।
অভিযোগ করেছেন ভারতের ক্রিকেটার কুস্তব পাওয়ার। রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে খেলা এই ক্রিকাটারে দাবি তারা নাকি মুম্বাইয়ে অনুর্ধ্ব-১৫ পর্যায়ের ক্রিকেটে একসাথে খেলেছেন। সে অনুযায়ী রাজু রিজালের বর্তমান বয়স হওয়ার কথা ২৪ কিংবা ২৫ বছর বয়স।
ফেসবুকে কুস্তব পাওয়ার লিখেছেন, ‘আমরা মুম্বাইয়ের হয়ে অনূর্ধ্ব-১৫ পর্যায়ের ক্রিকেট খেলেছি। আর এখন সে নেপালের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। অথচ সে সময় আমরা যাঁরা একসঙ্গে খেলেছিলাম, তাঁদের সবারই বয়স ২৪ বা ২৫ বছর। মুম্বাইয়ে আমরা তাঁকে চিনতাম রাজু শর্মা নামে। অথচ নেপালে তাঁর নাম রাজু রিজাল।’
অফিসিয়াল ভাবে নেপালের অধিনায়কের জন্মতারিখ দেওয়া হয়েছে ২৬ সেপ্টেম্বর ১৯৯৬। তবে এ ব্যাপারে রাজু কোন কথা বলেননি। তবে ভারতের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকউইজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার এ ব্যাপারে কোনো ধারণা নেই। আমি সামাজিক যোগাযোগমাধ্যমে নেই। কাজেই এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারছি না।’
যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্বাগতিক বাংলাদেশের মুখোমখি হবে নেপাল অনুর্ধ্ব-১৯ দল।


